জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৬:০০ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Aug ১, ২০২৬

কালিয়াকৈরে তুরাগ নদীতে পিকনিকের নামে নৌকায় অসামাজিক কার্যকলাপ, অতিষ্ঠ এলাকাবাসী

কালিয়াকৈরে তুরাগ নদীতে পিকনিকের নামে নৌকায় অসামাজিক কার্যকলাপ, অতিষ্ঠ এলাকাবাসী
কালিয়াকৈরে তুরাগ নদীতে পিকনিকের নামে নৌকায় অসামাজিক কার্যকলাপ, অতিষ্ঠ এলাকাবাসী
স্টাফ রিপোর্টার

সিনিয়র স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার বাঁশতুলী তুরাগ নদী ও মকশবিল এলাকায় পিকনিকের আড়ালে নৌকায় মাদক সেবন, উচ্চ শব্দে ডিজে পার্টি এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এসব কর্মকাণ্ডের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, ঢাকা, টাঙ্গাইল, জামালপুরসহ বিভিন্ন এলাকা থেকে একদল তরুণ-তরুণী রঙিন নৌকা ভাড়া করে তুরাগ নদীতে আসে। নৌকাগুলোতে বড় বড় সাউন্ড বক্স ও আলোকসজ্জা স্থাপন করে রাত পর্যন্ত ডিজে পার্টির আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, এসব অনুষ্ঠানে প্রকাশ্যে ইয়াবা, মদ ও গাঁজা সেবন করা হয়। নেশাগ্রস্ত অবস্থায় অংশগ্রহণকারীদের অশোভন আচরণ ও অশ্লীল নৃত্য স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা সিয়াম হোসেন বলেন, “বৃহস্পতিবার ও শুক্রবার এলেই নদীর পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। বিকট শব্দের কারণে রাতে ঘুমানো যায় না। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। পরিবার নিয়ে নদীর পাড়ে যাওয়াও এখন নিরাপদ বা স্বস্তিদায়ক মনে হয় না।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, কিছু অসাধু নৌকার মালিক মোটা অঙ্কের টাকার বিনিময়ে নৌকা ভাড়া দিয়ে এসব আয়োজনকে উৎসাহিত করছেন। এতে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজ ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয় এক ইউপি সদস্য বলেন, “আমরা একাধিকবার নিষেধ করেছি। কিন্তু তারা কোনো কথা শুনছে না। প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, কিছুদিন আগে থানা পুলিশ নদীতে ঝটিকা অভিযান চালিয়ে কয়েকটি পিকনিকের ট্রলার আটক করেছিল। এরপর কিছুদিন এসব কর্মকাণ্ড বন্ধ থাকলেও বর্তমানে আবারও পিকনিকের নামে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। নদীতে অসামাজিক কার্যকলাপ ও মাদকের উৎসব কোনোভাবেই বরদাশত করা হবে না। খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, “আমরা গোপনে নজরদারি করছি। বৃহস্পতিবার ও শুক্রবার নদীতে বিশেষ টহল জোরদার করা হবে। যারা মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের ঘোষিত অভিযান দ্রুত বাস্তবায়িত হলে তুরাগ নদীর পরিবেশ স্বাভাবিক হবে এবং পিকনিকের নামে চলা অভিযোগকৃত অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হবে।