কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানে নিজ বসতবাড়ি থেকে ২৫২ পিস ইয়াবাসহ মো. আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছা. বেহুলা বেগম (৪৬)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আদম আলী ও বেহুলা বেগম উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন