মোঃ খাইরুল ইসলাম,
সিনিয়র স্টাফ রিপোর্টার,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করেই কাঁচাবাজারে লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। প্রয়োজনীয় বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া করল্লা ১০০ টাকা, পটোল ৭০ টাকা, ঢেঁড়স ও ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা এবং টমেটো ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুধু সবজিই নয়, নতুন করে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আলুর দামও। মাছের বাজারেও একই চিত্র। সাধারণ মানের মাছ কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
বাজারে আসা ক্রেতারা জানান, আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
এদিকে খুচরা ব্যবসায়ীদের দাবি, বড় বড় পাইকারি আড়তে অসাধু সিন্ডিকেটের কারসাজির কারণেই কাঁচাবাজারে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তারা মনে করেন, পাইকারি বাজারে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি নিশ্চিত করা হলে বাজারে স্বস্তি ফিরতে পারে।
এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে, অসাধু সিন্ডিকেট ভাঙতে এবং ভোক্তাদের স্বস্তি দিতে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সাধারণ ক্রেতা এবং সচেতন মহল।